বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম রুবেল সিকদার (২৫)। তিনি উপজেলার খরনা ইউনিয়নের হরনিগাড়ি মধ্যপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলাম সিকদারের ছেলে।

নিহতের পিতা নজরুল ইসলাম জানান, রুবেল ৫ বছর মালোয়েশিয়া ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফিরেছেন। রবিবার সন্ধ্যায় মোবাইলে একজনের কল পেয়ে রুবেল বাড়ি থেকে বের হন। পরবর্তীতে স্থানীয়দের কাছে তিনি রুবেলকে ছুরিকাঘাতের খবর পান।’

স্থানীয় সূত্র জানায়, রুবেলের বুকে, ঘাড়ে, উরুতে ও কোমরের পিছনে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে রুবেল মৃত্যুবরণ করেন।

আরও পড়ুনঃ ৩৭৫ টি থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি পুকুর থেকে উদ্ধার

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। হত্যার কারণ সম্পর্কে নিশ্চিৎ হওয়া যায়নি। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/নূহু