যুদ্ধাপরাধের তদন্তে ইয়েমেনে বিশেষজ্ঞ পাঠাবে জাতিসংঘ

ইয়েমেনে চলমান গৃহযুদ্ধে সংশ্লিষ্ট সব পক্ষের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করতে বিশেষজ্ঞদের সেখানে পাঠাতে রাজি হয়েছে জাতিসংঘ। এই লক্ষ্যে সংস্থাটির মানবাধিকার কাউন্সিল বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠনের জন্য সিদ্ধান্ত নিয়েছে।
 
শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে ইয়েমেনে বিশেষজ্ঞ পাঠানোর সিদ্ধান্ত হয়। পশ্চিমা ও সৌদি আরবের নেতৃত্বে আরবদেশগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবটি উত্থাপন করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ। তবে আরও গভীর তদন্ত দাবি করে তদন্ত কমিশন গঠনের প্রস্তাবকারী কানাডা নিজেদের প্রস্তাব প্রত্যাহার করে নেয়। ইয়েমেন সরকারের নেতৃত্বে অভ্যন্তরীণ পক্ষগুলোকে নিয়ে আরব দেশগুলোর বিকল্প প্রস্তাবটিও প্রত্যাহার করা হয়। প্রসঙ্গত, বিশেষজ্ঞদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পর এই সমঝোতার জন্য সৌদি আরব প্রকাশ্যে ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে। ইয়েমেনে সৌদি আরবের সামরিক অভিযানকে সমর্থন করে আসছে এই তিন দেশ।
 
ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্টের পক্ষ হয়ে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে দেশটিতে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। জাতিসংঘের মতে, ২০১৫ সালের মার্চে শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত আট হাজার ৫৩০ জন মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬০ শতাংশই বেসামরিক নাগরিক। বিমান হামলা ও সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৪৮ হাজার ৮০০ মানুষ। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির