চুল মেয়েদের সাজের নান্দনিকতাকে বেশি করে ফুটিয়ে তোলে। তাই চুলের প্রতি একটু নজর রাখলে নিজের সৌন্দর্য খুঁজে পেতে আর কষ্ট করতে হয় না। চুলের কারণে নিজের বাইরের লুক, রুচিবোধেরও পরিচয় মেলে। পহেলা বৈশাখের আমেজকে ব্যবহার করে চুলকে অনেকভাবেই সাজানো যেতে পারে। কারণ এ সময়ের সাজের সবচেয়ে আধুনিক অংশজুড়ে থাকে চুলের সাজ। চুলের আকার ও ধরন অনুযায়ী সাজের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দিয়েছেন বিউটি এক্সপার্ট তানজিমা শারমিন মিউনী
বৈশাখের প্রচণ্ড গরমে সারাদিনের সাজে বেণি ও খোঁপা করাটাই আমার মনে হয় যুক্তিযুক্ত হবে। তবে ছাড়া চুলের ফ্যাশনও আকর্ষণীয় লাগবে যদি আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিভিন্ন ধরনের খোঁপা করা যেতে পারে, যা শাড়ির সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়। যারা বৈশাখের দিন শাড়ি পরবেন, চুলের সাজটায় বর্তমানের ট্র্যাডিশনালের সাথে ফিউশন করতে পারেন। অর্থাত্ চুলের ভিতর ফুল দিয়ে খোঁপা করতে পারেন। কারণ শাড়ি পরলে খোঁপাতেই মেয়েদের সুন্দর লাগে। যেসব তরুণ-তরুণীরা বৈশাখের দিনে সালোয়ার-কামিজ পরে বাইরে ঘুরতে যেতে চান তাদের জন্য চুলের সাজে বেণিটাই ভালো লাগে। সেক্ষেত্রে লম্বা চুলের তরুণীরা সারাদিনের সাজে একটু বৈচিত্র্যময় লুক আনতে পারেন সহজেই। সেজন্য তারা বেণির সঙ্গে পনিটেলের ফিউশন করতে পারেন। চুলের এই সাজের জন্য আপনাকে এক সাইডের চুল একটু একটু করে নিয়ে বেণি করতে হবে এবং সেই বেণিটা পনিটাকে কাভার করার জন্য সেইভাবে সেট করতে হবে। সাথে বাড়তি সৌন্দর্যের জন্য সাদা পুঁতি ব্যবহার করতে পারেন। এতে আপনার সাজটা হয়ে উঠবে নান্দনিক। টিনএজ মেয়েদের জন্য বৈশাখের পোশাক জিন্সের সাথে ফতুয়া বা কাপ্তান পরলে মানাবে বেশ। যেসব মেয়েদের চুল ছোট কিংবা যারা চুল ছেড়ে ঘুরতে পছন্দ করেন তারা চুলে মোটা ও পাশে দুইটি চিকন বেণি করে ব্যান্ডের মতো সেট করতে পারেন। এরপর সামনের চুল ছাড়া অবশিষ্ট চুলগুলো সাইডে সিঁথি করে ডানসাইডের চুলকে তিনভাগে ভাগ করুন। এবং ওই বেণির ওপর সার্কেল করে তাতে সেট করুন। বাকি চুলগুলোকে সাইডে এনে ওয়েভি লুক দিন। পরিশেষে তিনটি সার্কেলে বাড়তি সৌন্দর্যের জন্য তিনটি সাদা পুঁতি ব্যবহার করতে পারেন।
মডেল শম্পা পোশাক কে ক্র্যাফট মেকআপ মিউনী’স ব্রাইডাল ছবি তন্ময় মির্জা