প্যারিস থেকে লস এঞ্জেলেসগামী এয়ার ফ্রান্সের একটি বিমানের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির খবরে জানা যাচ্ছে, বিমানটি ওই সময় আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল।
IMG0
বিবিসি আরো জানাচ্ছে, এয়ারবাস এ-৩৮০ ফ্লাইট এএফ-৬৬ মডেলের বিমানটি গত শনিবার পশ্চিম গ্রিনল্যান্ডের আকাশে এই সমস্যায় আক্রান্ত হয়। বিমানের চারটি ইঞ্জিনের একটি বিকল হয়ে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু মারাত্মকভাবে জীবন হারিয়ে ফেলার শঙ্কায় ছিলেন এর যাত্রীরা। এমনকি অবতরণের পরও তাদের মধ্যে এই আতঙ্ক বিরাজমান ছিল।
এয়ার ফ্রান্সের এক কর্মকর্তা বার্তা সংস্থা- এএফপি’কে জানিয়েছেন, বিমানটিতে ২৪ জন ক্রুসহ ৪৯৬ যাত্রী ছিলেন। ফ্যান নষ্ট হয়ে যাওয়ায় ওই ইঞ্জিনটি কাজ করছিল না বলেও জানান তিনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু