সবাই মিলে রোহিঙ্গাদের পাশে দাঁড়াই, বাংলাদেশ সরকারের সঙ্গে এক হয়ে তাদের প্রতি ভালোবাসার হাত বাড়াই। শান্তিতে পাওয়া তোমার ‘নোবেল’ অশান্তি সৃষ্টির দায়ে ফিরিয়ে নেওয়া হোক। মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি। মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক আদালতে তোমার বিচার হোক, শাস্তি হোক।
রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে এমন সহায়ক ও প্রতিবাদী কথাগুলো হাজারো পোস্টারে ছাপিয়ে জেলার তাড়াশে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের দেয়াল ও দৃশ্যমান স্থানে লাগিয়ে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রতিবন্ধী ছাইফুল। সে মাগুড়া বিনোদ ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে।
সাইফুল বলেন, এর আগে যখন বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চেয়েছিলো তখনও তিনি তাড়াশের প্রতিটি ব্রিজ, কালভার্ট ও দৃশ্যমান স্থানসহ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ব্রিজগুলোতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক বার্তা লিখেছেন। এ ধরনের কাজের মাঝে পেয়েছেন মানুষের অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসা।
তিনি আশা পোষণ করেন, শিগগিরই রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর হামলা বন্ধ করার মধ্য দিয়ে শান্তিতে নোবেল বিজয়ী সু চি তার নিজ দেশ মিয়ানমারে শান্তি ফেরাতে উদ্যোগী হবেন। পাশাপাশি বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে তাদের নাগরিকত্ব দিবেন।
ইত্তেফাক/মোস্তাফিজ