তালায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরার তালায় মুন্নি খাতুন (২৫) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করেছে স্বামী। তিনি উপজেলার খলিশখালি ইউনিয়নের বাগমারা গ্রামের মুছা গাজীর স্ত্রী এবং দোহার গ্রামের মো. আলীবক্সের মেয়ে। 
 
আজ রবিবার ভোরে বাগমারা গ্রামের বাড়িতেই এ ঘটনা ঘটে এবং বেলা সাড়ে ১২ দিকে তিনি মারা যান।
 
জানা যায়, এক সন্তানের জননী মুন্নি খাতুনকে প্রায় মারধর করতেন স্বামী মুছা গাজী। তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। স্বামী মুছা প্রতিনিয়ত তাকে বাপের বাড়িতে চলে যাবার জন্য চাপ সৃষ্টি করতেন। তা না হলে তাকে হত্যার হুমকি দিতেন। 
 
শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটি হয়। এ সময় স্বামী মুছা গাজী স্ত্রীকে মারধর করে। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে ভোর রাতে স্বামী মুছা গাজী গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে তার স্ত্রীকে হত্যার চেষ্টা করেন। এ সময় তার আত্মচিৎকারে এলাকাবাসি তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
 
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ জামিল বলেন, গৃহবধূর মুন্নি খাতুনের শরীরের ৭৫ শতাংশ পুড়ে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। আজ বেলা সাড়ে ১২ দিকে খুলনায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।
 
সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় মামলা কিংবা অভিযোগ করেনি। তবে তিনিসহ সাতক্ষীরার সার্কেল এসপি মো. আতিকুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
 
ইত্তেফাক/কেকে