ভোলায় ৭ জেলের জেল-জরিমানা, ৬০ কেজি মা ইলিশ জব্দ

মা ইলিশ রক্ষায় সরকার ইলিশ প্রজনন মৌসুম ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা বাংলাদেশে ইলিশ মাছ আহরণ, বাজারজাতকরণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে। অথচ সরকারের এই আইন অমান্য করে ভোলার মেঘনা তেতুলিয়ায় অবৈধভাবে রাতের আধারে মা ইলিশ নিধন চলছে।
 
রবিবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত ভোলার মেঘনায় অভিযান চালিয়ে ৭ জেলের জেল-জরিমানা, ৩৫ হাজার মিটার জাল আটক, ৬০ কেজি মা ইলিশ জব্দ ও দুটি মাছ ধরা নৌকা জব্দ করেছে।
 
ভোলা জেলা মত্স্য কর্মকর্তা মো. রেজাউল করিম রবিবার বিকেলে জানান, সাত জেলের মধ্যে চারজনকে এক মাস করে কারাদন্ড দেয়া হয়েছে। অন্য ৩ জেলের প্রত্যেককে ছয় হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। মেঘনার বিভিন্ন স্থান থেকে ৩৫ হাজার মিটার জাল আটক করা হয়েছে।
 
মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন চৌমহনী মোড় অভিযান চালিয়ে রবিবার সকাল ১০টায় ৬০ কেজি মা ইলিশ জব্দ করেছে উপজেলা মত্স্য অফিসারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা টিম। জব্দকৃত সকল ইলিশ মাছ বিনামূল্যে স্থানীয় মাদ্রাসায় ও এতিম খানায় বিতরণ করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারিনি পরিচালনা করা টিম।
 
ইত্তেফাক/এএম।