সিদ্ধিরগঞ্জে ৪ অহপরণকারী গ্রেফতার

 
সিদ্ধিরগঞ্জে এক অভিযানে সিদ্ধিরগঞ্জ থেকে চার অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় এক অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অপহরণকারীরা অপহৃত এক ব্যক্তিকে একটি ফ্ল্যাটে নিয়ে নারী দিয়ে নগ্ন ভিডিও করে ও ছবি তুলে এক লাখ টাকা চাঁদা দাবি করে। 
 
আজ রবিবার র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি জসিম উদ্দিন চৌধুরী প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য সাংবাদিকদের জানান। 
 
র‌্যাব-১১ জানায়, অপহৃত মহরম আলী পেশায় একজন রিকশা চালক। অপহরণকারীরা কৌশলে মহরম আলীকে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার অরুণী কুঞ্জ নামক ফ্লাটবাড়ীর চতুর্থ তলার একটি ফ্ল্যাটে নিয়ে যায়। এরপর জোরপূর্বক তার জামা-কাপড় খুলে নগ্ন করে ঐ অপহরণ চক্রের এক নারীর সঙ্গে অন্তরঙ্গভাবে ভিডিও ও স্থির ছবি তুলে। এসময় অপহরণকারীরা তার এসব ছবি ও ভিডিও পরিবারের কাছে এবং ইন্টারনেটে ছেড়ে দিবে বলে হুমকি দেয়। 
 
অপহরণ চক্রের অন্য সদস্যরা ছদ্মবেশে নিজেদেরকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অশ্লীল কাজ করার অপরাধে তার কাছ থেকে এক লাখ টাকা দাবি করে। এসময় মহরম আলীকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে। টাকা না পাঠালে তাকে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা। বিষয়টি র‌্যাব-১১ জানতে পেরে গোপন খবরের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। অপহৃত ব্যক্তি মহরম আলীকে উদ্ধার করে। 
 
গ্রেফতারকৃতরা হলো- মনির ভূইয়া ওরফে আজাদ (৩৫), আক্তার (৪০), ইমাম হোসেন (২৮) ও শারমিন আক্তার ওরফে হ্যাপি (২৫)
 
অপহৃত মহরম আলী বাড়ি শেরপুর জেলার নকলা থানার বিহারীপাড়া এলাকায়। বর্তমানে তিনি ঢাকা জেলার ডেমরা থানার সারুলিয়া এলাকার মঞ্জিলের বাড়ির ভাড়াটিয়া। 
 
র‌্যাব-১১ আরো জানায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।   
 
ইত্তেফাক/কেকে