পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা প্রদান

পটুয়াখালীর দুমকি উপজেলায় অবস্থিত লুথ্যারেন হেলথ কেয়ার বাংলাদেশে দুই দিন ব্যাপী ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র ডেন্টাল সার্জন ডা. হেলেন রেমা ও লুথ্যারেন হেলথ কেয়ার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী এই ডেন্টাল ক্যাম্পে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ১০ জন ইন্টার্ন চিকিৎসক, রাজশাহী মেডিকেলের একজন মহিলা চিকিৎসক ও ৩ জন ডেন্টাল সহকারী অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা ও আশেপাশের প্রায় পাঁচ শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অত্যাধুনিক দন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়।

অত্যাধুনিক দন্ত চিকিৎসার সাথে অত্র উপজেলার প্রায় ২৫০ জন স্কুল শিক্ষার্থীকে সঠিকভাবে ব্রাশ করার পদ্ধতি হাতেকলমে শেখানো হয়।

এ বিষয়ে ডেন্টাল ক্যাম্পের দায়িত্বে থাকা সিনিয়র ডেন্টাল সার্জন ডা. হেলেন রেমা বলেন, ‘আমরা পটুয়াখালির এই প্রত্যন্ত দুমকি উপজেলায় ডেন্টাল ক্যাম্প করেছি যার মুল উদ্দেশ্য হলো গ্রাম অঞ্চলের মানুষও যেন আধুনিক দন্ত সেবা পায়। যেহেতু দন্ত চিকিৎসা অনেক ব্যয়বহুল বেশিরভাগ মানুষ এর ব্যয় বহন করতে পারেন না তাই আমরা প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের কাছে আধুনিক দন্ত সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুখ ও দাঁতের যত্নের ব্যাপারে খুবই উদাসীন অথচ মুখের ক্যান্সার ও দাঁতের বিভিন্ন রোগের জন্য এই উদাসীনতা বা অজ্ঞতাই দায়ী।’

আরো পড়ুন: অ্যাম্বুলেন্সের ভেতরে পরীক্ষা দিলেন লিমা

ডেন্টাল ক্যাম্পে কর্মরত ডা. আলিম আল রাজী জানান, ‘এই প্রত্যন্ত অঞ্চলে এসে আমরা রোগীদের বিনামূল্যে অত্যাধুনিক দন্ত চিকিৎসা সেবা প্রদান করেছি। এর সাথে দুমকি উপজেলার প্রায় ২৫০ জন স্কুল শিক্ষার্থীদের সঠিকভাবে দাঁত ব্রাশ করার পদ্ধতি হাতে কলমে শেখানো হয়। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো, ‘এইসব রোগীদের চিকিৎসা দেওয়ার সময় কোন ইন্সট্রুমেন্ট স্টেরিলকিজেশন ছাড়া দ্বিতীয়বার ব্যাবহার করা হয় নাই যা বড় বড় হাসপাতালেও অনেকসময় করা হয় না।’

লুথ্যারেন হেলথ কেয়ারের পরিচালক পিযুষ বলেন, ‘প্রায় পাঁচ শতাধিক সাধারণ মানুষের বিনামূল্যে দন্ত সেবা প্রদান করতে পেরে আমরা গর্বিত । এর জন্য ডা. হেলেন ও তার সাথে আসা চিকিৎসকদের ধন্যবাদ জানাই।’

ইত্তেফাক/বিএএফ