মালয়েশিয়ায় বিচার শুরুর পর দুই নারী উত্তর কোরিয়ার নেতার সৎভাই কিম জং ন্যামকে হত্যা করার কথা অস্বীকার করেছে। অত্যন্ত পরিকল্পিত এ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার মালয়েশিয়ার বাইরে শাহ আলম উচ্চ আদালতে তাদের বিচার শুরু হয়েছে।
মালয়েশিয়ার বিমানবন্দরে এভাবে ঠাণ্ডা মাথায় ন্যামকে হত্যা করায় সারাবিশ্ব স্তম্ভিত হয়ে পড়ে। রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে উচ্চ আদালতে তাদের বিচার শুরু করা হলে ইন্দোনেশিয়ার নাগরিক সিতি আসিয়াহ ও ভিয়েতনামের নাগরিক দোয়ান থি হুয়ং দো-ভাষীর মাধ্যমে এ মামলায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করে। হত্যার অভিযোগ প্রথমে ২৫ বছর বয়সী আসিয়াহকে ইন্দোনেশীয় ভাষায় পড়ে শোনানো হলে এক দোভাষীর মাধ্যমে সে তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করে।
IMG0
একইভাবে ২৯ বছর বয়সী হুয়ংকে ভিয়েতনামী ভাষায় এ অভিযোগ পড়ে শোনানো হলে সেও দোভাষীর মাধ্যমে তার বিরুদ্ধে আনা এ হত্যার অভিযোগ অস্বীকার করে। উল্লেখ্য, কুয়ালালামপুর বিমানবন্দরে গত ১৩ ফেব্রুয়ারি কিম জং ন্যামকে হত্যার মাত্র কয়েকদিন পর এ দুই নারীকে গ্রেফতার করা হয়। এএফপি।
ইত্তেফাক/সেতু