কাউখালীতে ইলিশ ধরায় জেলের জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে কচা নদীতে মা ইলিশ ধরার দায়ে পিরোজপুরের কাউখালীর ফলইবুনিয়া গ্রামের মো. শফিক সিকদার (২৮) নামে এক জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার (২ অক্টোবর) সকালে কাউখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবী রায় ওই  জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
 
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা  মো. জাকির হোসেন জানান, রবিবার রাতে কাউখালী থানার পুলিশ ও মৎস্য বিভাগ কঁচা ও সন্ধ্যা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আইন অমান্য করে মাছ ধরার দায়ে এক জেলেকে আটক করা হয়। আটক জেলেকে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
 
প্রসঙ্গত, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম। ২২ দিন ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই