পীরগঞ্জে আগাম জাতের ধান কাটা শুরু

পীরগঞ্জ উপজেলায় আগাম জাতের হাইব্রিড (আফতাব) বিনা-৭ ও ব্রি-৬২ ধান কাটা শুরু হয়েছে। গত বুধবার উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের দেবীতলার হেমন্ত কুমারের হাইব্রিড (আফতাব) ও জাবরহাট ইউনিয়নের হাটপাড়ার শহিদুল ইসলামের বিনা-৭ জাতের ধান কাটার মধ্য দিয়ে এর উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার আবুল কালাম আজাদ।
 
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার হোসেন, সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা আলম, প্রান্তোষ কুমার ও জয়নাল আবেদীন ছাড়াও স্থানীয় চেয়ারম্যান মো. নবাব ও হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
 
উল্লেখ এবার দেবীতলার হেমন্ত কুমারের হাইব্রিড ধান কর্তন করে হেক্টর প্রতি ৩ দশমিক ১ টন এবং হাটপাড়ার শহিদুল ইসলামের বিনা-৭ জাতের ধান কর্তন করে হেক্টর প্রতি ৩ দশমিক ২ টন ফলন পাওয়া গেছে। পীরগঞ্জ উপজেলায় এবার হাইব্রিড, বিনা-৭ ও ব্রি-৬২ জাতের ধান ৩ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে বলে কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান।
 
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে কৃষক হেমন্ত কুমার ও শহিদুল ইসলাম জানান বর্তমানে বাজারে ধান চালের ভালো দাম রয়েছে। ফলনও ভালো পেয়েছেন। তাই আগাম ফসল ঘরে তুলতে পেরে উভয় কৃষকই খুশি। আগাম জাতের নতুন ধান উঠতে শুরু করায় বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টদের ধারনা।
 
ইত্তেফাক/এএম।