খু‌মেক হাসপাতা‌লের ২২ দালালের কারাদণ্ড

 
খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ (খুমেক) হাসপাতা‌লের ২২ জন দালালকে বি‌ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো. আল মামুন ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনার মাধ্যমে তাদেরকে সর্বনিম্ন ৭ দিন থেকে ১৫ দিন পর্যন্ত কারাদণ্ড প্রদান করেন। এর আগে র্যাব-৬’র একটি দল অ‌ভিযা‌ন চালিয়ে তাদের আটক করে।
 
র‌্যাব জানায়, বেলা সা‌ড়ে ১১টা থে‌কে খুমেক হাসপাতালে অভিযান শুরু হয়। এ সময় ২২ জন দালালকে আটক করা হয়। আটক ২২ দালালের মধ্যে ২০ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ জন নারীকে সাতদিন করে এবং ফরিদা বেগম নামে আরেক নারীকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া দু’জন পুরুষ দালালের মধ্যে একজনকে সাতদিন এবং অপর জনকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
 
র‌্যাবের স্পেশাল কোম্পানি কমান্ডার এনা‌য়েত হো‌সেন মান্নান জানান, সরকা‌রি হাসপাতাল থে‌কে অসহায় রো‌গী‌দের মিথ্যা তথ্য দি‌য়ে বা‌ই‌রের বেসরকা‌রি ক্লিনিকে নি‌য়ে টাকা-পয়সা হা‌তি‌য়ে নেয় দালাল চক্র‌। এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
 
তিনি জানান, আটককৃত দালালরা খুলনা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লের আশপা‌শের ক্লিনিক ও ডায়াগন‌স্টিক সেন্টা‌রের ক‌র্মী।
 
ইত্তেফাক/মণ্ডল