‘চাল-গম ব্যবসায়ীদের লাইসেন্স নিতে হবে ৩০ অক্টোবরের মধ্যে’

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, চাল ও গমের আমদানিকারক, মিলার, খুচরা ও পাইকারি ব্যবসায়ী, আড়তদারদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে খাদ্য অধিদফতর থেকে লাইসেন্স নিতে হবে। এ সময়ের মধ্যে কেউ লাইসেন্স না নিলে ১৯৫৬ সালের কন্ট্রোল অব অ্যাসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের শাস্তির বিধানাবলী ৩(৬) অনুযায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
 
আজ সোমবার সকালে সচিবালয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের (ডিসি ফুড) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। 
 
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ১৯৫৬ সালের কন্ট্রোল অব অ্যাসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট অনুযায়ী এক মেট্রিক টনের বেশি চাল ও গম ব্যবসায়ীদের খাদ্য অধিদফতর থেকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। কিন্তু আমাদের কর্মকর্তারা না জেনেই হোক বা অন্য কোনো কারণে হোক এতদিন এ বিষয়ে সচেতন ছিলেন না।
 
তিনি বলেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে ব্যবসায়ীদের লাইসেন্স নেয়ার জন্য নোটিশ দেওয়া হবে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে ব্যবসায়ীদের অবশ্যই লাইসেন্স গ্রহণ করতে হবে। যেসব ব্যবসায়ী লাইসেন্স নেবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আইনের আওতায় সর্বোচ্চ ৩ বছরের জেল এবং আর্থিক জরিমানা করা যাবে। বাসস।
 
ইত্তেফাক/এমআই