বিদেশ যেতে বাধা নেই মির্জা আব্বাস দম্পতির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে বিদেশ যেতে ও বিদেশ থেকে ফেরত আসার সময় বাধা না দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এক আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে মির্জা আব্বাস দম্পতির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোগেট সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

গত ৪ এপ্রিল বিদেশ যেতে ও বিদেশ থেকে ফেরত আসার সময় বাধা না দেয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস।

স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট মন্ত্রণালয়ের ইমিগ্রেশন বিভাগ ও বিমানবন্দর থানার ওসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

আরও পড়ুন: হাত নেই, পায়েই ভরসা রাখছেন বিউটি

চলতি বছরের ৭ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক। দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন শাহজাহানপুর থানায় এ মামলা করেন।

ইত্তেফাক/কেকে