মালয়েশিয়ায় নিহত চাঁদপুরের ২ জনের বাড়িতে শোকের মাতম

মালয়েশিয়ার কুয়ালালমপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশীর মধ্যে ২জনের বাড়ি চাঁদপুরে। এর মধ্যে জেলার হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের দেবীপুর গ্রামের বশির মেম্বারের বাড়ীর আনোয়ার হোসেনের ছেলে মো. সোহেল (২৪) ও ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামের মাওলানা আমির হোসেনের ছেলে আল আমিন (২৫)। তারা দুজন ৭ মাস পূর্বে কোম্পানির ভিসায় জীবিকার সন্ধানে মালয়েশিয়া গিয়েছিলেন।

ফরিদগঞ্জের নিহত আল আমিন তিন ভাইয়ের মধ্যে সবার বড়। মাত্র ৭ মাস আগে পাশের বাড়ির মিলন গাজীর ছেলে রাসেলের সঙ্গে আল আমিন জীবিকার সন্ধানে মালেয়শিয়ার কুয়ালালামপুরে যান।

অপর দিকে হাজীগঞ্জের দেবীপুর গ্রামের মো. সোহেল ১ ভাই ও ৪ বোনের মধ্যে সে দ্বিতীয়। সেও মাত্র ৭ মাস পূর্বে মালয়েশিয়ার কুয়ালালামপুরে জীবিকার সন্ধানে পাড়ি জমায়।

রবিবার রাতে দুর্ঘটনার পর সোমবার সকালে আল আমিন ও সোহেলের বাড়িতে মৃত্যুর সংবাদ পৌঁছে। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আশপাশের প্রতিবেশিরা তাদের সান্তনা দিতে ছুটে আসেন। পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।

জানা গেছে, মালেয়শিয়ার রাজধানী কুয়ালালামপুর বিমানবন্দরের কাছের একটি সড়কে বাংলাদেশিসহ আরো কয়েকটি দেশের শ্রমিকরা কর্মস্থলে যাওয়ার পথে বাস দুর্ঘটনার শিকার হয়। এ সময় ৫ বাংলাদেশীসহ ১১জন নিহত হয়। এতে আরো বেশ কয়েকজন আহত হয়।

আরও পড়ুনঃ পেকুয়ায় বজ্রপাতে ১ শিক্ষার্থীর মৃত্যু

তবে মালয়েশিয়া কমিউনিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাউসার হামিদ হান্নান জানান, আমরা মৃত দুইজনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। এ ঘটনায় আরো কয়েজন বাংলাদেশী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে মহিনের (২৬) অবস্থা আশঙ্কাজনক।

ইত্তেফাক/নূহু