এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যানজট সামলাতে রাস্তায় ইউএনও

এইচএসসি ও সমমান পরীক্ষাকালীন সময় পৌনে ৯টা হতে সাড়ে ৯টা পর্যন্ত এনজিও কর্মীবাহী যান গুলো চলাচল করতে নিষেধ করেছিলেন উখিয়া উপজেলা প্রশাসন। কিন্তু এটি মানা হচ্ছিল না। তাই যানজট সামলাতে রাস্তায় নেমে এলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উখিয়া সদর এলাকায় এসে গাড়ি থেকে নেমে রাস্তায় অবস্থান নেন। তিনি নিজে চলাচলকৃত এনজিও সংস্থার গাড়িগুলো আটকে দেন। একই সঙ্গে নির্দেশ না মানায় এনজিও কর্মকর্তাদের ভৎসনা করেন। তিনি প্রায় আধা ঘণ্টা সড়কে অবস্থান করে গাড়ি গুলো উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে পার্কিং করান।

আরো পড়ুন: হাত নেই, পায়েই ভরসা রাখছেন বিউটি

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, পরীক্ষা কেন্দ্রে যাবার সময় এনজিওর  গাড়ির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটে পড়ে পরীক্ষার্থীরা যথা সময়ে কেন্দ্রে প্রবেশে করতে পারে না। এর পরিপ্রেক্ষিতে ওই সময়ে গাড়ি চলাচল না করতে এনজিও সংস্থা গুলোকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু তারা নির্দেশ অমান্য করে চলাচল অব্যাহত রেখেছে। তাই পরীক্ষার দিনে যেন পরিক্ষার্থীর ভোগান্তি না হয় সেজন্য আমি নিজেই রাস্তায় নামি। এ ব্যাপারে তাদের হুঁশিয়ার করা হয়েছে।

ইত্তেফাক/অনি