কাশ্মিরের শ্রীনগরে বিএসএফের ক্যাম্পে জঙ্গি হামলা, নিহত ৩

ভারত শাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিমানবন্দর সংলগ্ন বিএসএফের একটি ক্যাম্পে হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই হামলায় বিএসএফের এক সেনা নিহত ও অপর এক সদস্য আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। শ্রীনগরের পুলিশ হামলাকারীদের জঙ্গি বলে সন্দেহ করছে।
 
শ্রীনগরের পুলিশ ইন্সপেক্টর জেনারেল মুনির খান জানিয়েছেন, ‘ভোর পাঁচটা নাগাদ হামলা শুরু হয়। বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়ন ওই শিবিরে অবস্থান করছে। তিনজন জঙ্গি হামলা চালিয়েছে বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এদের মধ্যে দু্ইজন অ্যানকাউন্টারে নিহত হয়েছে। বাকি একজন এখনও বিএসএফ শিবিরেই লুকিয়ে আছে।’
IMG0
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ বলছে সেখানে হামলাকারীদের সঙ্গে বিএসএফের এখনো গোলাগুলি চলছে। ওই হামলার পরেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে শ্রীনগর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হলেও কিছুক্ষণ পরে আবারও চালু হয়েছে। কিন্তু আধিকারিকরা বলছেন আপাতত বিমান ওঠা নামা বন্ধ থাকছে, যতক্ষণ না জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই শেষ হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং আজ বেলা সাড়ে এগারোটায় দিল্লিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন। ইন্ডিয়া টুডে।
 
ইত্তেফাক/সেতু