লোভনীয় চাকুরীর প্রলোভন দেখিয়ে এবং বিশেষায়িত চিকিত্সার নামে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মাদারীপুর থেকে তিন নারী প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-৮। মঙ্গলবার দুপুরে মাদারীপুর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রাকিবুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন— রাজৈর উপজেলার পূর্ব মহেন্দ্রদী গ্রামের তারা মিয়া ফকিরের মেয়ে লাকী আক্তার ঊর্মি ও তার ছোট বোন আবজানুর আক্তার আফসানা এবং ঘোষালকান্দী গ্রামের ইমারত হাওলাদারের স্ত্রী আসমা বেগম। সোমবার দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণি পাস করা মেয়ে লাকী আক্তার ঊর্মি নিজেকে বিশেষায়িত চিকিৎসক পরিচয় দিয়ে রাজৈর উপজেলার টেকেরহাট উত্তর পাড়ে (তাতীকান্দা) চেম্বার খুলে বসেন। ঐ অফিসের ক্যাশিয়ার তারই ছোট বোন আবজানুর আক্তার আফসানা ও চিকিৎসা সহকারী আসমা বেগম। তারা দীর্ঘ ৩ বছর ধরে চিকিৎসার নামে এলাকার দরিদ্র অসহায় মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। হৃদরোগ, কিডনী, ফুসফুস, ক্যান্সার, ডায়াবেটিক, যকৃত্, টিউমারসহ কঠিন ও জটিল রোগের চিকিৎসা করে আসছিল লাকী আক্তার ঊর্মি। আগত রোগীদের বিশ্বাস অর্জনের জন্য রোগ নির্ণয় করতে ল্যাপটপ ও বিভিন্ন ডিভাইজার প্রদর্শন ও ব্যবহার করতো। প্রতারণার আশ্রয় নিয়ে রোগীদের কাছে ভুয়া ও নকল ঔষুধ বিক্রি করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল এই প্রতারক চক্র। শুধু তাই নয় চক্রটি এলাকার বহু বেকার যুবক-যুবতি ও মধ্যবিত্ত ঘরের গৃহবধূকে লোভনীয় চাকুরীর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
কোম্পানি অধিনায়ক মেজর মো. রাকিবুজ্জামান বলেন, ‘চক্রটি অত্যন্ত সক্রিয়। বিভিন্ন স্থানে তাদের আটটি শাখা ও ১৫০০ সদস্য রয়েছে।’
ইত্তেফাক/এএম।