সুরমা নদীর ভাঙনের মুখে ছাতক-দোয়ারাবাজার সড়ক

সুরমা নদীর ভাঙনের মুখে পড়েছে ছাতক-দোয়ারাবাজার সড়ক। সুরমার অব্যাহত ভাঙনে সড়কটির প্রায় এক কিলোমিটার অংশ হুমকির মুখে পড়েছে। এ সড়কটির পুরো অংশই সুরমা নদীর কুল ঘেঁষা হওয়ায় সড়কের কয়েকটি অংশে ভাঙন ধরেছে। ভাঙনরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সড়কটি আবারো নদী গর্ভে বিলিন হওয়ার আশঙ্কা রয়েছে।
 
অব্যাহত নদী ভাঙনের ফলে যেকোনো মুহূর্তে ছাতকের সাথে দোয়ারাবাজারের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে যাবার আশঙ্কাও করছেন স্থানীয়রা। ফলে সড়ক যোগাযোগ ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হবে সুরমার উত্তর পারে বসবাসরত ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষকে। ইতিমধ্যেই সুরমার ভাঙনে একটি মসজিদ, ১০-১২টি দোকান ও প্রায় ৫০ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙন রোধে ্ব্যবস্থা গ্রহনে দ্রুত পদক্ষেপ নেয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।