রাজধানীতে জেএমবির নারী সদস্য আটক

রাজধানীর চকবাজার এলাকায় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি) সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার নাম সাদিয়া আমিন। গত সোমবার সন্ধ্যায় র‌্যাব সদস্যরা চকবাজার এলাকার একটি কিন্ডার গার্টেন স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  
 
র‌্যাব জানিয়েছে, সাদিয়া আমিন জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের আদ-দার-ই-কুতনি ব্রিগেড এর সক্রিয় সদস্য।
 
র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান জানান, গত ২০ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের ‘ব্রিগেড আদ্-দার-ই কুতনি’ এর কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিলকে গ্রেফতার করে র‌্যাব-৩। এ সময় তার কাছ থেকে ২টি ল্যাপটপ, মোবাইল ও পাসপোর্টসহ বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পায় র‌্যাব। আদালতের নির্দেশে গ্রেফতারকৃত মেহেদীকে জিজ্ঞাসাবাদে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য পায় র‌্যাব। তার দেয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে গত সোমবার সন্ধ্যায় চকবাজার এলাকার একটি কিন্ডার গার্ডেন স্কুলের সামনে থেকে ওই নারী জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
ইত্তেফাক/এমআই