গাজীপুরের জয়দেবপুর থানাধীন চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাতে ককটেল ফাটিয়ে ডাচ বাংলা এবং বিকাশ এজেন্টের দোকান থেকে ৫ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় দুইজন আহত হয়েছে।
চক্রবর্তী ক্যাম্পের এস. আই. মো. হারুন জানান, রাত ৯টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক ছিনতাইকারী একটি প্রাইভেট কার থেকে নেমে অতর্কিতে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় গুলির শব্দ মনে করে এলাকার লোকজন ছুটোছুটি শুরু করে এবং বাসস্ট্যান্ড এলাকা ছেড়ে চলে যায়। একপর্যায়ে ছিনতাইকারীরা ওই এলাকার এবিএম ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট এবং বিকাশের এজেন্টের দোকানে ঢুকে পড়ে। তারা মো. নাসিরের ডাচ বাংলার ক্যাশ থেকে পাঁচ লাখ এবং মো. ফারুক মিয়ার বিকাশের ক্যাশ থেকে ৯০হাজার টাকা লুট করে নেয়। এ সময় ফারুক বাঁধা দিলে তাকে ধারালো অস্ত্রে হাত ও মাথায় আঘাত করে ছিনতাইকারীরা। তারপর তারা টাকা নিয়ে কারযোগে দ্রুত এলাকা ত্যাগ করে। এ সময় পালাতে গিয়ে এক পথচারীও আহত হয়।
এ ঘটনার ছিনতাইকারীদের আটকে এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ইত্তেফাক/নূহু