হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের কারাদণ্ড

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত মো. বদরুদ্দোজা(৩০) ও মো. করিম(৪০) নামে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আক্তার উননেছা শিউলী এ রায় প্রদান করেন।

এর মধ্যে মাদক সেবন করে বসতঘরে অগ্নিসংযোগ করার দায়ে মো. বদরুদ্দোজাকে এক বছর ও স্ত্রীকে মারধরের দায়ে মো. করিমকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত বদরুদ্দোজা উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ আব্বাস তালুকদার বাড়ির সামশুল আলমের পুত্র। করিম চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন আমিন জুট মিলস এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র।

জানা গেছে, রিনা বেগমের মাদকাসক্ত ছেলে বদরুদ্দোজা দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পারিবারিক অশান্তি সৃষ্টি করে আসছিল। সে রবিবার মাদকের টাকার জন্য বসতঘরে আগুন দেয়। ইউএনও আক্তার উননেছা শিউলী পুলিশ সহযোগিতায় তাকে ঘর থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মা রিনা বেগমসহ উপস্থিত বিভিন্নজনের সাক্ষ্য, প্রমাণ ও বদরুদ্দোজার স্বীকারোক্তি অনুযায়ী ইউএনও তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

আবার একইদিন উপজেলার আমানবাজারে স্ত্রীকে মারধরের অপরাধে স্বামী মো. করিমকে সাক্ষ্য, প্রমাণ ও স্বীকারোক্তির অনুযায়ী ৬মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী ইউএনও আক্তার উননেছা শিউলী বলেন, পৃথক দুই ঘটনায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান।

ইত্তেফাক/নূহু