হাটহাজারীতে আপন বড় ভাইকে খুনের অপরাধে আদালত ছোট ভাই মোতাহের হোসেনকে(৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
চট্টগ্রাম জেলা আদালতের সহকারী পিপি এস এম সিরাজদ্দৌলা বলেন, আসামির বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মামলার বাদীর এক নিকট আত্মীয় বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। তবে মৃত্যুদণ্ড হলে আরো খুশি হতাম।
দণ্ডাদেশ পাওয়া মোতাহের হোসেন পৌর এলাকার আলীপুর গ্রামের চাঁদগাজী বাড়ীর মৃত ছালেহ আহমদের পুত্র।
উল্লেখ্য, ২০১১ সালের ২৫ অক্টোবর হাটহাজারী পৌর সদরের আলীপুর গ্রামের পারিবারিক পুকুরের মাছের ভাগ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ হয়। এর জের ধরে আপন বড় ভাই নুরুল আবছার(৪৫)কে ছোট ভাই মোতাহার হোসেন চাকু দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় আহত হয়েছিলেন আবছারের স্ত্রী সালমা আক্তার সহ সোহেল, আহসান হাবীব নামের আরো ৩ ব্যক্তি।
ঘটনায় নিহতের স্ত্রী নিকটস্থ থানায় হত্যা মামলা দায়ের করলে অভিযুক্ত মোতাহার হোসেনকে পুলিশ গ্রেফতার করে। ২০১২ সালের ১৭ জানুয়ারি অভিযুক্ত মোতাহের হোসেনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিলে আদালত এ মামলার বিচার কাজ শুরু করে।
ইত্তেফাক/নূহু