চলাচল অযোগ্য যমুনা সার কারখানার রাস্তা

সরিষাবাড়ীতে দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্ দ্বিতীয় ইউরিয়া উত্পাদনকারী প্রতিষ্ঠান তারাকান্দি যমুনা সার কারখানা(জেএফসিএল) সংলগ্ন প্রায় তিন কিঃমিঃ রাস্তা ভাঙা, খানা-খন্দ এবং কাদা-পানিতে ভরে থাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যমুনা সার কারখানার তিতাস গ্যাস ফিল্ড থেকে তারাকান্দি ইসলামী ব্যাংক মোড় পর্যন্ত এক কিঃমিঃ রাস্তা রোডস অ্যান্ড হাইওয়ের অধীনে এবং ইসলামী ব্যাংক মোড় থেকে জগন্নাথ ঘাট রেল ক্রসিং পর্যন্ত দুই কিঃমিঃ রাস্তা যমুনা সার কারখানার অধীনে। দীর্ঘদিন যাবত্ কর্তৃপক্ষের কোনো নজরদারি না থাকায় এ তিন কিলোমিটার রাস্তার  ইট ও সুরকি উঠে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়েছে। অথচ এই রাস্তায় দেশের ১৯টি জেলায় প্রতিদিন শত শত সার বোঝাই ট্রাক, ট্যাংকলরিসহ অন্যান্য মালামাল বহনকারী যানবাহন চলাচল করে।

রোডস অ্যান্ড হাইওয়ের এসডি সাদিয়া জান্নাত বলেন, বিষয়টি জানি। তবে অর্থ হাতে পেলেই দ্রুত কাজটি ধরবো। যমুনা সার কারখানার ম্যানেজিং ডিরেক্টর খান জাবেদ আনোয়ার বলেন, কারখানার পূর্বপাশের রাস্তা হলো রোডস অ্যান্ড হাইওয়ের, কাজেই ওটা সম্পর্কে আমি কিছুই বলবো না। বাকি রাস্তাটুকু অর্থাত্ জেএফসিএলের অধীনে যে রাস্তাটুকু আছে সেটা আমি মেরামতের জন্য কাগজপত্র রেডি করেছি। আশাকরি বিসিআইসিতে পাস হলেই আমরা কাজ ধরবো।

ইত্তেফাক/নূহু