জেলে গ্রেফতার জেল-জরিমানা ও জাল জব্দ

১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলমান মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। আর এ অভিযানে দেশের বিভিন্ন স্থানে জেলে গ্রেফতর, জেল-জরিমানা ও জাল জব্দ করে পোড়ানো হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

মাগুরা : মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার ভোররাতে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন মহম্মদপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মত্স্য কর্মকর্তা মীর লিয়াকত আলী, পুলিশের এএসআই সিরাজুল ইসলাম প্রমুখ।

ঝালকাঠি: ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে খোকন মোড়ল নামে এক জেলেকে আটক করে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও আঠারো কেজি ইলিশ মাছ জব্দ করেছে জেলা মত্স্য অধিদপ্তর। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা মত্স্য অধিদপ্তর জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠি সদর ও নলছিটির সুগন্ধা নদী এবং রাজাপুর উপজেলার বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের সময় ট্রলার, জাল, মাছ ও এক জেলেকে আটক করাহয়। এসময় জাল ও মাছ ধরার ট্রলার ফেলে পালিয়ে যায় অন্য জেলেরা।

এদিকে জব্দ সাড়ে ৮হাজার মিটার কারেন্ট জাল নলছিটি উপজেলা মত্স্য কর্মকর্তার কার্যালয়ের সামনে পোড়ানো হয়। একই সময় বিশখালী নদী থেকে জব্দ দেড় হাজার মিটার কারেন্ট জাল রাজাপুর উপজেলা পরিষদে পোড়ানো হয়। জব্দ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মনপুরা (ভোলা) : মনপুরার মেঘনায় সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেঘনার বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ড ও মত্স্য অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৩ হাজার মিটার জাল জব্দ করাা হয়েছে। পরে এসব জাল উপজেলার হাজিরহাট মত্স্য ঘাটে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

মতলব উত্তর (চাঁদপুর) : মেঘনা নদীর মতলব উত্তর উপজেলা নৌ-সীমানায় মা ইলিশ ধরায় মঙ্গলবার দুপুরে তিন জেলেকে আটক করে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।

বোরহানউদ্দিন (ভোলা): উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. কুদদুসের নেতৃত্বে এবং সিনিয়র মত্স্য কর্মকর্তা নাজমুস সালেহীনের সহযোগিতায় মঙ্গলবার বোরহানউদ্দিন উপজেলার মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসান নগর ইউনিয়নের খাসমহল এলাকা থেকে জাফর ও রাকিব নামে  দুই জেলেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটকদের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর নুনেরটেক এলাকায় ইলিশ মাছ ধরার সময় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি জাটকা জব্দ করেছে পুলিশ। বৈদ্যেরবাজার নৌ-ফাঁড়ি পুলিশ ও সোনারগাঁও উপজেলা মত্স্য কর্মকর্তা মেঘনা নদীতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। পরে জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করে।

মোরেলগঞ্জ (বাগেরহাট) :মোরেলগঞ্জে দুই দিনে জব্দ করা ৩৭ লাখ টাকার অবৈধ জাল মঙ্গলবার সকালে পোড়ানো হয়েছে। বলইবুনিয়া  কোস্টগার্ড অফিস সংলগ্ন বালুর মাঠে এসব জাল পোড়ানো হয়।

বানারীপাড়া (বরিশাল) : বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে মা ইলিশ নিধনের অভিযোগে মঙ্গলবার সকালে তিন জেলেকে আটক করে এক মাস করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ দণ্ড দেন।

সোমবার গভীর রাতে সন্ধ্যা নদীতে নৌ-পুলিশের এসআই মো. হারুনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি নৌকা, আটটি ইলিশ ও জাল জব্দ করা হয়। এদিকে সোমবার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে তিন হাজার মিটার কারেন্ট জাল ও বিভিন্ন সাইজের দুই মণ ইলিশ মাছ জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দ ইলিশগুলো এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ এবং জাল পুড়িয়ে ফেলার নির্দেশ দেন।

চরফ্যাশন (ভোলা): চরফ্যাশনের চরমানিকা এলাকার বুড়াগৌরাঙ্গ নদীতে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে আটক করে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনোয়ার হোসেন এ জরিমানা করেন। দণ্ডিতদের মধ্যে মো. খলিলুর রহমানের ১হাজার টাকা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, মো. বেচু মঝির ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড ও ছিঠু মাঝির ১ হাজার টাকা জরিমনা অনাদায়ে এক মাসের কারাদণ্ড। জরিমানা আদায় করে জেলেদের মুক্তি দেয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি ইলিশ মাছ এবং ৩শ মিটার জাল জব্দ করা হয়। জব্দ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

চরভদ্রাসন (ফরিদপুর): চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে সোমবার ও মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মা ইলিশ ধরার অপরাধে বিন্দা রাজ বংশি নামে এক জেলেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৩হাজার ১শ মিটার কারেন্ট জাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সগীর হোসেন। জব্দ জাল উপজেলার চর কালিকাপুর, চর হাজারবিঘা ও গোপালপুর ঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইত্তেফাক/নূহু