আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন, বিচার কাজ চলবে এক নম্বর বেঞ্চে

 
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠন আদেশ অনুযায়ী এখন থেকে আপিল বিভাগের একটি বেঞ্চে বিচার কার্যক্রম চলবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির এই বেঞ্চ বসবে। প্রধান বিচারপতি এসকে সিনহা ছুটিতে যাওয়ার পর এই বেঞ্চ পুনর্গঠন করা হলো। পুনর্গঠন আদেশ অনুযায়ী বেঞ্চের অপর বিচারকরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে দেওয়া আজকের (বুধবার) দৈনন্দিন কার্যতালিকা থেকে এই তথ্য জানা গেছে।
 
প্রসঙ্গত প্রধান বিচারপতি এসকে সিনহা ছুটিতে যাওয়ার পূর্বে আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচার কাজ অনুষ্ঠিত হতো। তখন আপিল বিভাগের এক নম্বর বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি এসকে সিনহা। অপরদিকে দুই নম্বর বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি ওয়াহহাব মিঞা। প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ার কারণে এক নম্বর বেঞ্চে বিচারক সংকট দেখা দেয়। এ কারণে আপিল বিভাগের দুই নম্বর বেঞ্চ বন্ধ রেখে এক নম্বর বেঞ্চ পুনর্গঠন করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহহাব মিঞা। আজ এই বেঞ্চের কার্যতালিকায় শুনানি ও নিষ্পত্তির জন্য ২০৯টি মামলা দৈনন্দিন কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
 
ইত্তেফাক/এমআর