হানিপ্রীতকে গভীর রাত পর্যন্ত জেরা পুলিশের

আদালতে তোলার আগে মঙ্গলবার দিবাগত রাত তিনটা পর্যন্ত জেরা করা হয়েছে ভারতীয় ধর্ষক বাবা রাম রহিম সিংয়ের কথিত কন্যা হানিপ্রীতকে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।
IMG0
৩৮ দিন ধরে পালিয়ে বেড়ানোর পর মঙ্গলবার হরিয়ানা-পঞ্জাব সীমান্তের জিরাকপুরে হানিপ্রীতকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। এর পর তাকে পঞ্চকুলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, সেখানেই রাত তিনটা পর্যন্ত প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে তাকে জেরা করা হয়। জেরার মাঝপথে বুকে ব্যথা অনুভব করায় হানিপ্রীতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
IMG1
সেখানে তার ইসিজি করানো হয়েছে। পরীক্ষা করা হয়েছে রক্তচাপ। পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, হানিপ্রীতের মেডিক্যাল রিপোর্টে অস্বাভাবিক কিছু মেলেনি। তার আগে অবশ্য মানসিক অবসাদের কথাও পুলিশকে জানান ‘পাপা কি পরি’।
IMG2
পঞ্চকুলার পুলিশ কমিশনার এ এস চাওলা এবং ইনস্পেক্টর জেনারেল (আইজি) মমতা সিংহ ছাড়াও সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট) এর প্রধান মুকেশ মালহোত্রাও হানিপ্রীতকে জেরা করেছেন। পুলিশ সূত্রে খবর, জেরার গোটা পর্বটাই ক্যামেরাবন্দি করা হয়েছে। হানিপ্রীতের বিরুদ্ধে অভিযোগ ছিল, আদালত থেকে জেলে যাওয়ার পথে ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমকে নিয়ে পালানোর ছক কষেছিলেন তিনি। এ ছাড়া, জোড়া ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত রাম রহিমের সাজা ঘোষণার দিন পঞ্চকুলা, সিরসাসহ হরিয়ানা ও পঞ্জাবের বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানো এবং দেশদ্রোহের অভিযোগও দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু