ইঁদুর নিধন অভিযানে জাতীয় পুরষ্কার পেলেন আকলিমা আক্তার

 
জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৬ এ জাতীয় পর্যায়ে দ্বিতীয় পুরস্কার পেলেন আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার। আজ বুধবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ি ঢাকায় আকামু গিয়াস উদ্দিন মিল্কি অডিটরিয়ামে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের কাছ থেকে পুরস্কারের একটি ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ গ্রহণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের  মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
 
জানা গেছে, আকলিমা আক্তার ২০০৪ সালের ১৬ আগস্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে উপজেলা কৃষি অফিস আড়াইহাজারে প্রথম যোগদান করেন। ২০০৬ সাল থেকে তিনি তার বর্তমান ব্লক গোপালদী পৌরসভায় নিয়োজিত আছেন। তিনি একজন সফল কৃষি কর্মী হিসাবে কৃষি বিভাগের বিভিন্ন কর্মকাণ্ডে ফসলের আধুনিক উচ্চ ফলনশীল জাত, আধুনিক কলা কৌশল ও প্রযুক্তি সম্প্রসারণ, কৃষি প্রনোদনা  কর্মসূচি, মাটির স্বাস্থ্য সুরক্ষায় সবুজ সার ও খামারজাত সার উৎপাদন ও ব্যবহারে কৃষকদের উদ্ভুদ্ধ করণ, আইপিএম পদ্ধতিতে ফসলের রোগ বালাই ও পোকা মাকড় দমনে কৃষকদের উদ্ভুদ্ধ করে যাচ্ছেন। 
 
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আবদুল কাদিরের  সহযোগিতা ও অনুপ্রেরণায় গোপালদী পৌরসভায় সর্বোচ্চ ইঁদুর নিধন করে তিনি জাতীয় পর্যায়ে দ্বিতীয় পুরস্কার লাভ করেন। এর আগেও তিনি কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কার লাভ করেন।
 
ইত্তেফাক/কেকে