মধ্য আমেরিকায় অতি বর্ষণে ৬৪ জনের মৃত্যু

মধ্য আমেরিকার হন্ডুরাস, গুয়েতেমালা ও এল সালভাদরে অতিবর্ষণে প্রায় ৬৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বর্ষণে বাড়ি-ঘর ও রাস্তা-ঘাট ধ্বংস হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার লোক।
 
আবহাওয়া পর্যবেক্ষণকারীরা বলছেন, বর্ষা মৌসুমের পাঁচ মাসের মধ্যে সেপ্টেম্বর ও অক্টোবরে বেশি বৃষ্টি হয়। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর এ সময়ে গড়ে ২৫ থেকে ৫০ শতাংশ বেশি বৃষ্টি হচ্ছে। জাতীয় জরুরি বিভাগের কর্মকর্তারা বলছেন, বৃষ্টিপাতে সবচেয়ে প্রাণহানি হয়েছে হন্ডুরাসে। সেখানে অতি বৃষ্টির কারণে মারা গেছে ৩২ জন। গুয়েতেমালায় মারা গেছে ২৬ জন।
 
এ ছাড়া তিন লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে, ১১০টি সড়ক ও ১৪টি সেতু এবং চার হাজার বাড়ি-ঘরের ক্ষতি হয়েছে। গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মরালেস মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, পরিস্থিতি সামাল দিতে বেশী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারির চিন্তা-ভাবনা চলছে। এল সালভাদরে প্রাকৃতিক এই দুর্যোগে ছয়জনের মৃত্যু ঘটেছে। নিকারাগুয়ার রাজধানীসহ বিভিন্ন শহরের ২শ’ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির