বাগেরহাটের শরণখোলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল পাতার দায়ে চার জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এ রায় প্রদান করেন। পরে জরিমানার টাকা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, দেলোয়ার মিস্ত্রি, মিরাজ মিস্ত্রি, রাসেল মিস্ত্রি ও আবুল কালাম হাওলাদার। তাদের বাড়ি মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত তিনটার দিকে উপজেলা মত্স্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বলেশ্বর নদের মাঝের চর এলাকা থেকে ওই চার জেলেকে আটক করে। এ সময় একটি ডিঙ্গি নৌকা ও তিন হাজার মিটার ইলিশ ধরা জাল জব্দ করা হয়। উপজেলা মত্স্য কর্মকর্তা বিনয় কুমার রায় ও তাফালবাড়ি ফাঁড়ি পুলিশের এএসআই আরাফাত হোসেন এ অভিযান পরিচালনা করেন।
ইত্তেফাক/এএম।