সাত ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় ও বিক্রয় নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে সাত ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
 
বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজুর রহমান জুমন এ জরিমানা করেন।
 
সহকারী কমিশনার জুমন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় কেরানীগঞ্জে ক্রাউন মেলামাইন মালিক মো. আশরাফুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিক্রয় নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অভিযোগে জিনজিরা বাজার এলাকায় আরো ছয় ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিহির লাল সরকার, পরিদর্শক মাহমুদা খাতুন ও ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী রাকিব হাসান চয়ন প্রমুখ।
 

ইত্তেফাক/এএম