একই পাড়ার ওরা ১৫জন। ছয়জন নারী ও বাকিরা পুরুষ। এদের অধিকাংশই পুলিশের তালিকাভুক্ত মাদকব্যবসায়ী।
বুধবার ‘হোয়াইট লাইফ-সাদা জীবন’ নামের একটি সংগঠনের উদ্যোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ হাইস্কুল মাঠে ওই মাদকব্যবসায়ীরা পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেন।
তারা হলেন- উপজেলার মাচইলপাড়ার আব্দুর রশিদ, ফরিদা বেগম, মোর্শেদা আক্তার, রফিকুল ইসলাম, লাভলী বেগম, শাহিনুর আক্তার, হযরত আলী, জিয়ারুল ইসলাম, নুর আলম, মোহাম্মদ শামীম, হাফিজার রহমান, খুকি আক্তার, শরিফুল ইসলাম, মোহাম্মদ সবুজ ও রূপালী বেগম।
মাদকব্যবসার কারণে তারা নিজ এলাকা তো বটেই, আশপাশের এলাকাতেও ছিলেন বেশ পরিচিত। তারা প্রতিশ্রুতি দেন, আগামীতে কোন দিনও আর মাদকব্যবসার সঙ্গে যুক্ত হবেন না।
অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসায় ওই ১৫ নারী-পুরুষকে পুরস্কৃত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান (বিপিএম)।
IMG0
এ লক্ষ্যে ওই মাঠে মাদকবিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে শুরু করে সন্ধ্যার পর পর্যন্ত চলে অনুষ্ঠান।
হোয়াইট লাইফ-সাদা জীবন সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার।
বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব ও বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক, জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউর রহমান মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ রিজু, শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান, বুড়িগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।
ইত্তেফাক/ আরকেজি