মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসলাম হোসেন (৩৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বেলা ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তখন তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের বারিল্যা বটতলী কবিরাজপাড়ায় ওসমান গণির বাড়িতে কাজ করছিলেন। তিনি একই ইউনিয়নের সাবেক মেম্বার ও চকমানিক থানতলা গ্রামের মৃত ইমাজ উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন পার্শ্ববর্তী ওসমান গণির বাড়িতে মিটার থেকে লাইন মেরামত করতে যান আসলাম। এ সময় ওসমান গণির ছেলে হঠাৎ করে ঘরে প্রবেশ করেই মেইন সুইচ অন করে টিভির সুইচ দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আসলাম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তার ডান হাতে মিটারের তার জড়িয়ে হাত পুড়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার পরিদর্র্শক আনিছুর রহমান জানান, ঘটনাটি তিনি জেনেছেন। তবে কেউ বাদি না হওয়ায় মামলা কিংবা লাশ ময়না তদন্ত করা হয়নি। একই দিন বিকেলে লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।

ইত্তেফাক/নূহু