ফুলবাড়ীয়ায় নদী ভাঙনের কবলে সড়ক, জনদুর্ভোগ চরমে


ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ বাজার হয়ে মুক্তাগাছা ভায়া কাটবাওলা বাজার সড়কের মহুয়াতলা নরেশ পালের বাড়ি সংলগ্ন অংশটি বানার নদী ভাঙনে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মহুয়াতলা ঈদগাহ মাঠের পাশে গর্ত ও  কাদা জমায় এ সমস্যা দেখা দিয়েছে। এরই মধ্যে বানার নদীর গর্ভে চলে গেছে সড়কের অর্ধেক অংশ। জানা যায়, শিবগঞ্জ বাজার থেকে মুক্তাগাছা ভায়া কাটবাওলা রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ।

প্রতিদিন এ রাস্তা দিয়ে ফুলবাড়ীয়ার শিবগঞ্জ ও মুক্তাগাছার কাটবাওলার হাজার হাজার মানুষ যাতায়াত করে। ভারী কোনো যানবাহন না চলায় সাধারণ মানুষের চলাচলসহ এলাকার ফসলি জমিতে উত্পাদিত কৃষিপণ্য নিয়ে বিপাকে পড়েছে এলাকাবাসী। দুই উপজেলার সীমান্তবর্তী হওয়ায় ১৫/১৬টি গ্রামের মানুষের জীবন যাপনে হতাশা নেমে এসেছে। মাছ-মুরগির প্রকল্পে খাবার আনা-নেয়াসহ ও স্কুলগামী ছাত্র-ছাত্রীদের চলাচলে দারুণ সমস্যার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রোগীরা, কাছের কমিউনিটি ক্লিনিকে সহজে যেতে পারছেন না।

মৌসুমি নামের এক শিশু শিক্ষার্থী জানান, এ ভাঙন পার হয়ে স্কুলে যেতে ভয় করে। কখন যেন পড়ে যাই।

এ ব্যাপারে ২ নং পুটিজানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ময়েজউদ্দিন তরফদার বলেন, রাস্তাটি যে পরিমাণে  ভেঙেছে সে ভাঙন রোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আর্কষণ করেছি। রাস্তাটি সাময়িক মেরামত করে চলাচল উপযোগী করা যেতে পারে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ আঃ বাছেদ বলেন, রাস্তাটি যদি নদী ভাঙনের শিকার হয়ে থাকে তবে সেটি পানিসম্পদ মন্ত্রণালয়ের কাজ। যদি সংস্কার বা নতুন রাস্তা করার জায়গা দেয়া হয় তবে সে ব্যাপারে সহযোগিতা করে পুনঃনির্মাণ বা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/নূহু