ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ছোট খোচাবাড়ি গুচ্ছগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছে শিউলি (২০) নামের এক তরুণী। ইতিমধ্যে তার অনশনের ৩ দিন অতিক্রান্ত হয়েছে।
এদিকে উভয় পরিবারের লোকজন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও প্রেমিককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার ছোট খোচাবাড়ি গুচ্ছগ্রামের মতিউর রহমানের (বকমারী) কলেজ পড়ুয়া শিউলীর (২০) সঙ্গে একই গ্রামের সফিকুলের ছেলে নেহারুলের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে মেয়েটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ছেলেটি।
পরে কোনো উপায় না পেয়ে মঙ্গলবার রাতে ছেলেটির বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয় মেয়েটি। পরে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলে অবস্থা বেগতিক দেখে ছেলেটি আত্মগোপন করে।
স্থানীয় ইউপি সদস্য বাবুল জানান, মঙ্গলবার রাত ১০টা থেকে উভয় পরিবারের উপস্থিতিতে মীমাংসার জন্য আলোচনা হয়। কিন্তু ছেলের পরিবার কোনভাবে বিয়েতে রাজি হয় নাই।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন ওই তরুনী।
ইত্তেফাক/নূহু