যৌন হয়রানির প্রশ্নে কঠোর হচ্ছে মাইক্রোসফট

মাহবুব শরীফ

 

মাইক্রোসফটে কর্মরত নারী কর্মীরা বিভিন্ন রকম যৌন হয়রানির অভিযোগ তুলেছে। কয়েক দিন ধরেই একটি মেইল থ্রেডে যৌন হয়রানির অভিযোগ জানিয়ে আসছিলেন তারা। মাইক্রোসফটের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া জানানোর আগেই  ৯০ পৃষ্ঠার সাক্ষ্য প্রমাণ দেখানো হয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

এ অভিযোগের বিষয়টি মাইক্রোসফটের মানব সম্পদ বিভাগ নাকচ করে দেওয়ায় হতাশায় এই তালিকা তৈরি শুরু করেন এক নারী কর্মী। অভিযোগগুলো আসে উইন্ডোজ, এক্সবক্স এবং ক্লাউড সেবার কোডিং দলসহ অনেক বিভাগ থেকে।

২০ মার্চ থেকে হয়রানির অভিযোগের এই ঘটনা শুরু হয়। হয়রানির অভিযোগ নিয়ে মাইক্রোসফটের ভূমিকা কীভাবে পরিবর্তন করা যায় তা নিয়ে ই-মেইলে কথোপকথন চালাচ্ছিলেন দুই নারী কর্মী। কর্মীদের প্রতি যৌন আচরণ নিয়ে কথোপকথন  আরো বেড়ে যাওয়াতে সহকর্মীদের সঙ্গে এটি তারা শেয়ার করেন। পরে এতে সমস্ত প্রতিষ্ঠান থেকে একই ধরনের অনেক অভিযোগ উঠে আসতে থাকে। এতে  অনেকেই দাবি করেন যে, তারা বৈষম্য এবং হয়রানির বিষয়ে মানব সম্পদ বিভাগে অভিযোগ করেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এবিষয়ে প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের প্রধান ক্যাথলিন হোগান বলেন, তিনি ‘ব্যক্তিগতভাবে’ ইমেইল চেইনে দেওয়া অভিযোগগুলো তদন্ত করবেন। ২২ এপ্রিল থেকে নারী কর্মীদের কাছ থেকে প্রতিক্রিয়া শোনা  হবে এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছিল বলে তারা মনে করেন তা নিয়ে কথা বলা শুরু হবে বলেও জানিয়েছেন হোগান।

‘এ ধরনের অভিজ্ঞতার কথা শুনে আমরা হতভম্ব এবং দুঃখিত। আমাদের অবশ্যই মানোন্নয়ন করতে হবে।’  তিনি আরো বলেন, হয়রানির ‘বোঝা’ সমাধান করাটা শুধু নারীর দায়িত্ব নয়।’      সূত্র: বিবিসি