জাল সার্টিফিকেট ও সিল প্রস্তুতকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

 
ঢাকা মহানগর পুলিশের ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) ও নকল সিল প্রস্তুতকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে।বুধবার রাতে ফকিরাপুল এলাকার কোমর গলির হাসেম আলীর বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 
 
আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান ডিবির যুগ্ম পুলিশ কমিশনার আব্দুল বাতেন। 
 
তিনি জানান, গ্রেফতারকৃত বাক্তিরা হলেন- মো. আব্দুল বারিক, মো. মোহাম্মদ আলী, মো. সাব্বির হোসেন, মো. শহিদুল হক নিজাম ও মো. মোরশেদ ভূঁইয়া। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন জেলার পুলিশ সুপার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জের সিলসহ মোট  ৫৭৭টি নকল সিল, ১৪৫০টি জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ২টি কম্পিউটার এবং একটি প্রিন্টার জব্দ করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করে জানান যে, উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত সুক্ষ্মভাবে তারা পুলিশ ক্লিয়ারেন্সের জাল সার্টিফিকেট তৈরি করে। এরপর সেগুলো বিভিন্ন মাধ্যমে ট্রাভেল এজেন্সিতে সরবরাহ করেন।
 
ইত্তেফাক/কেকে