বৈশাখী উত্সবে ওয়েব সিরিজের মেলা...

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গতকাল ‘ঢাকা মেট্রো’ ওয়েব সিরিজের মুক্তি বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ওয়েব সিরিজটির বেশ কয়েকটি ট্রেলার প্রকাশ করা হয়। এতে উপস্থিত ছিলেন নির্মাতা অমিতাভ রেজা, অভিনেত্রী অপি করিম, শশী, নেভিল ফেরদৌস হাসান, শরিফুল ইসলাম, মনোয়ার কবিরসহ আয়োজক প্রতিষ্ঠান হইচইয়ের কর্মকর্তারা।

 

বিনোদন রিপোর্ট

 

আসছে পহেলা বৈশাখ। বিশেষ এই দিনে টেলিভিশন চ্যানেলগুলোর পাশাপাশি ইউটিউব ও অনলাইন স্ট্রিমিং সাইটগুলোও তাদের আয়োজনে রেখেছে বিশেষ কন্টেন্ট। এরইমধ্যে ওয়েব সিরিজের হিড়িক বেশি। বেশ কয়েকটি ওয়েব সিরিজ এবার রিলিজ দেওয়া হবে অনলাইন প্লাটফর্মে।

বৈশাখ উপলক্ষে ১১ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো’। অমিতাভ রেজা চৌধুরী নির্মিত এই সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। ৯ পর্বের এই সিরিজটির চিত্রনাট্য করেছেন নাসিফ আমিন। ওয়েব সিরিজটি দেখা যাবে অনলাইন স্ট্রিমিং অ্যাপ ‘হইচই’-এ। কলকাতার এই জনপ্রিয় অ্যাপটি ‘ঢাকা মেট্রো’র মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে। গতবছর ওয়েব সিরিজটির দৃশ্যধারণ হয়েছিল ঢাকা ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। ওয়েব সিরিজটিতে আরো অভিনয় করেছেন শশী, নেভিল ফেরদৌস হাসান, শরিফুল ইসলাম, মনোয়ার কবির প্রমুখ।

এরমধ্যে গতকাল ‘বায়োস্কোপ’-এ প্রচার শুরু হয় ৬ পর্বের ওয়েব সিরিজ ‘নীল দরজা’। গোলাম সোহরাব দোদুলের নির্মিত এই ওয়েব সিরিজে প্রথমবারের মতো অভিনয় চঞ্চল চৌধুরী। তার বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম। সিরিজটির শুটিং হয়েছে শ্রীমঙ্গলে। থ্রিলার গল্পে নির্মিত হয়েছে এটি। যেখানে এক হ্যাকারের গল্প উঠে এসেছে। সিরিজটিতে গান করেছেন সংগীতশিল্পী ন্যান্সি। ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন এ বি এম সুমন, শাহেদ আলী, ইন্তেখাব দিনারসহ অনেকেই।

চলতি মাসে বৈশাখ উপলক্ষে মুক্তি পাবে আরেকটি ওয়েব সিরিজ ‘চেনা পথের অপরিচিতা’। শিহাব শাহীন নির্মিত এই ওয়েব সিরিজটি কুমারিকা ইউটিউব চ্যানেলে দেখা যাবে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। আরো রয়েছেন অপূর্ব, নাইম, সুষমা সরকার, সাবেরি আলম, আনন্দ খালেদ, খালেকুজ্জামান, সাবিহা জামান। নারীর তার পরিবার, সমাজ এবং নিজের ভিতরকার প্রতিবন্ধকতাকে অতিক্রম করে মানুষ হয়ে বাঁচতে চাওয়ার গল্পে নির্মিত হয় এটি। সকল বাধাকে উপেক্ষা করে সমাজে প্রতিষ্ঠিত হয়ে ওঠার পাশাপাশি নারীর প্রতিদিনের অনুভূতি, আবেগ, কষ্টকে পেরোনোর গল্পগুলো চিত্রায়িত হয়েছে এই ওয়েব সিরিজে।

ওয়েব সিরিজে অভিনয় করলেন নুসরাত ইমরোজ তিশা। ‘ইটারনাল গিফট’ শিরোনামে এই ওয়েব সিরিজে তিশার বিপরীতে অভিনয় করেছেন তানভীর। এছাড়া আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, শিল্পী সরকার অপু প্রমুখ।

চিত্রনাট্য ও পরিচালনা করছেন নজরুল ইসলাম। সিরিজের গল্পে দেখা যাবে এক যুগল প্রায় এক দশক ধরে প্রেম করছে। প্রেমের বর্তমান অবস্থা ও তাদের মধ্যকার নানা ঘটনা নিয়ে এগোবে গল্প। প্রেম ও সংগীতনির্ভর গল্প এটি। প্রতি পর্বের ব্যাপ্তিকাল ২০ মিনিটের মতো। ৭ পর্বে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজটি চলতি মাসেই বায়োস্কোপে প্রকাশ হবে।