সোনারগাঁওয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার চেষ্টা

 
সোনারগাঁওয়ে দৈলেরবাগ এলাকায় নেশার টাকা না পেয়ে এক গৃহবধূকে তার মাদকসেবী স্বামী হত্যার চেষ্টা চলিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
আহত গৃহবধূ সুফিয়া বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অভিযোগ দায়ের করেছেন।
 
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের পুকুরপাড় মটবাড়ী গ্রামের ওসমানগণির মেয়ে সুফিয়া বেগমের সঙ্গে রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে আক্তার হোসেনের সঙ্গে বিয়ে হয়। বর্তমানে সুফিয়া সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ গ্রামের মাইন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। বিবাহিত জীবনে তাদের দুই ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে।
 
বিয়ের পর থেকেই মাদকসেবী স্বামী আক্তার হোসেন বিভিন্ন সময় মাদকের টাকা না পেয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।
 
বৃহস্পতিবার দুপুরে মাদকের টাকা না পেয়ে আক্তার হোসেন তার স্ত্রীকে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
 
অভিযুক্ত আক্তার হোসেন বলেন, বিষয়টি একান্তই আমাদের পারিবারিক। এ বিষয়ে আমরা মীমাংসা করে নিব।
 
সোনারগাঁও থানার ওসি  মো. মোরশেদ আলম পিপিএম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
 
ইত্তেফাক/আরকেজি