ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরকীয়ার জের ধরে জাহানারা বেগম (৩৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নাথপাড়া এলাকায় বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূর স্বজনদের অভিযোগ, পরকীয়ার কারণেই জাহানারাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার পাষণ্ড স্বামী। আর স্বামীর পরিবারের দাবি, রাগ করে আত্মহত্যা করেছে জাহানারা। এ ঘটনার পর গাঢাকা দিয়েছেন জাহানারার স্বামী।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ২০ বছর আগে চৌধুরী বাড়ির আবদুর রশিদের মেয়ে জাহানারার সঙ্গে বিয়ে হয় একই গ্রামের নাথ পাড়ার জুলুমত মিয়ার ছেলে ফরিদ মিয়া। তাদের আল-আমীন (১৮), মন্টু (১২) ও শিপা (০৮) নামে ৩ সন্তান রয়েছে।
গত ২ বছর ধরে প্রতিবেশী এক নারীর প্রতি আসক্ত হয়ে পড়েন ফরিদ। বুধবার রাতে ওই নারীর সঙ্গে স্বামীকে দেখে ফেললে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। গভীর রাতে মেয়ে শিপা ঘুম থেকে ওঠে ঘরের ধর্ণার সঙ্গে মায়ের গলায় গামছা বাঁধা দেখে চিৎকার করে। এ ঘটনার পর ফরিদ মিয়া পালিয়ে যান।
বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।সরাইল থানার এসআই. মো. শাহ কামাল বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পেয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।
ইত্তেফাক/ আরকেজি