ঝিনাইগাতী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

 
ঝিনাইগাতী সীমান্তে বিএসএফের গুলিতে আশরাফ আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার পাইকুড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। আশরাফ আলী পেশায় পোশাককর্মী ছিলেন।
 
পতাকা বৈঠকের মাধ্যমে তার মৃতদেহ শুক্রবার ফেরত দেওয়া হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
 
তিনি ছুটিতে এসে বুধবার বিকেলে নকসি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যান। এখান থেকে তিনি গজনী এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ১১০১নং পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে আশরাফ আলী নিহত হন। আশরাফ আলীর লাশ ভারতের কুচাদাগ্রি বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে।
 
আশরাফের অভিভাবকরা আত্মীয়-স্বজনের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।  তারা বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবিকে বিষয়টি অবহিত করলে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
 
সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম বলেন, পতাকা বৈঠকে আশরাফ আলীর মৃতদেহের বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও তিনি কিভাবে নিহত হয়েছেন এ ব্যাপারে বিএসএফের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
 
ইত্তেফাক/ আরকেজি