রাজশাহীর পবা উপজেলার সোনাইকান্দি এলাকায় ১৫ বোতল ফেনসিডিলসহ বিজিবির হাতে দুই পুলিশ সদস্য আটক হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়। পরে তাদের পবা থানায় হস্তান্তর করেছে বিজিবি।
আটক দুইজন হলেন- পুলিশ কনস্টেবল জিয়াউর রহমান এবং নাজিম উদ্দিন। তারা রাজশাহী পুলিশ লাইনসে কর্মরত বলে পুলিশ সূত্রে জানা গেছে।উভয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, সোনাইকান্দি এলাকা থেকে দুই কনস্টেবলকে বিজিবি ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে তাদের থানায় হস্তান্তর করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিজিবি সূত্র জানায়, দুই পুলিশ কনস্টেবল ফেনসিডিল নিয়ে পবার সোনাইকান্দি এলাকা থেকে রাজশাহী মহানগরীর দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার টহলরত বিজিবি সদস্যরা ফেনসিডিল বহনকারী পুলিশ সদস্যদের চ্যালেঞ্জ করেন ও তাদের দেহ তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিল পায়।
এসময় তারা নিজেদের পুলিশের কনস্টেবল পরিচয় দিয়ে আটক হওয়া থেকে মুক্তির চেষ্টা করেন। তবে বিজিবি সদস্যরা তাদের আটক করে পবা থানায় সোপর্দ করে।
ইত্তেফাক/ আরকেজি