সাভারের আশুলিয়ায় মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করায় এক ভুয়া এএসপিকে সহযোগীসহ আটক করেছে পুলিশ। রবিবার (৭ এপ্রিল) রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদের এএসপি পরিচয় দিয়ে অস্ত্রের লাইসেন্স করে দেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিলো।
আটককৃতরা হলো জামালপুর জেলার সদর থানার হাজীপুর বাজারের মো. মতি মিয়ার ছেলে মো. মারুফ (৩৫) ও একই জেলার সরিষাবাড়ি থানাধীন বড়বাড়িয়া চরমন্ডল পাড়ার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মো. আমিনুল ইসলাম (৩৩)। তারা দুইজনই আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করে বিভিন্ন কৌশলে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছিলো।
আরও পড়ুন: বাড়ি ফিরলেন সুবর্ণচরে গণধর্ষণের শিকার সেই নারী
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন জানান, 'গত চার মাস আগে স্থানীয় ব্যবসায়ী মো. বকুল ভুঁইয়ার কাছ থেকে অস্ত্রের নিবন্ধন করে দেওয়ার কথা বলে ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় আটক দুই প্রতারক। এ সময় মারুফ নিজেকে পুলিশের এএসপি পরিচয় দিলেও পরে খোঁজ খবর নিয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন বকুল ভূঁইয়া। এ ঘটনায় কৌশলে ওই দুই প্রতারককে জামগড়া দেখা করার কথা বলে ডেকে আনেন বকুল ভূঁইয়া। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন'।
এ ঘটনায় আটকৃকতদের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে ।
ইত্তেফাক/জেডএইচডি