ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের গেটের বাইরে নারী পাচার বিষয়ক নাটক ‘ভালোবাসার সীমান্ত’র শুটিং চলছিল। কিন্তু হল শাখা ছাত্রলীগের কিছু নেতা-কর্মী এসে নাটকের পরিচালক ও ক্যামেরাপার্সনকে হলের ভেতরে নিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে দুই ঘণ্টা আটকে রাখা হয়। এমন অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ও নাট্য নির্মাতা মনজুরুল আলম।
মনজুরুল আলম বলেন, গতকাল বিকালে তার নাটকের শুটিং চলছিল। শুটিংয়ের জন্য তিনি বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ’র কাছ থেকে অনুমতিও নিয়েছিলেন। কিন্তু নাটকের শুটিং চলাকালীন এসএম হল শাখা ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেল গ্রুপের কর্মীরা তাকে ও তার ক্যামেরাপার্সনকে হলের অতিথি কক্ষে নিয়ে যায়। সেখানে তাহসান তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ক্যামেরা ভেঙে দিবেন বলে হুমকিও প্রদান করেন।
তবে অনুমতির বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, নাটক করার ব্যাপারে তার কাছ থেকে কেউ কোনো ধরনের অনুমতি নেয়নি। আটকে রাখার বিষয়ে অভিযুক্ত তাহসান আহমেদ বলেন, কেন আটকে রাখব, শুটিংতো চলছে। আটকে রাখলে কি শুটিং চলে? এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু