ফিলিপাইনে রুশ যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে উত্তেজনা

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে উত্তেজনার মধ্যেই ফিলিপাইনে পৌঁছেছে রাশিয়ার দুটি যুদ্ধজাহাজ ও একটি ট্যাঙ্কার। সোমবার ভোরে ম্যানিলার বন্দরে নোঙর করে রাশিয়ার দুটি সাবমেরিনরোধী যুদ্ধজাহাজ। ফিলিপাইনের বার্তা সংস্থা জানিয়েছে, শুভেচ্ছা সফরের অংশ হিসেবে রাশিয়ার দুটি যুদ্ধজাহাজের পাশাপাশি সমুদ্র পরিবহনে ব্যবহূত একটি বড় ট্যাঙ্কারও পৌঁছেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এ বছর দ্বিতীয়বারের মতো রুশ যুদ্ধজাহাজ ফিলিপাইনে নোঙর করল। এর আগে জানুয়ারিতে ম্যানিলায় আসে তিনটি রুশ যুদ্ধজাহাজ। সে সময়ে বলা হয়েছিল, শান্তি, স্থিতিশীলতা ও সমুদ্রগামী সহায়তা জোরালো করতে এসব যুদ্ধজাহাজ পাঠানো হয়। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই দাবি করে চীন। অনেকদিন ধরেই এই অঞ্চলে কৃত্রিম দ্বীপ তৈরি এবং সামরিক স্থাপনা নির্মাণ করে আসছে চীন। অন্যদিকে এই অঞ্চলে ‘সামরিকীকরণ’ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন দীর্ঘদিন ধরেই পরস্পরকে দোষারোপ করে আসছে। ফিলিপাইনসহ এশিয়ার অন্যান্য দেশও এ অঞ্চলে কিছু প্রবাল প্রাচীর ও দ্বীপের মালিকানা দাবি করে।