মাগুরায় ঐতিহ্যবাহী কবিগান অনুষ্ঠিত

 
মাগুরার শ্রীপুর উপজেলার বৈঠাখালী গ্রামে শনিবার শেষ হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবি গান। স্থানীয় গ্রামবাসী সম্মিলিতভাবে প্রতি বছর লক্ষ্মীপূজার পরের দিন এ কবি গানের আয়োজনে করে থাকেন। শুক্রবার রাতে শুরু হওয়া এ কবি গান শেষ হয় শনিবার ভোররাতে।
 
আয়োজকরা জানান, প্রায় দুইশ' বছর ধরে বৈঠাখালী গ্রামে এ গান অনুষ্ঠিত হয়ে আসছে। তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে ভাতৃত্ববোধ গড়ে তোলার জন্য এ গানের আয়োজন করে আসছেন।
 
এ বছর অনুষ্ঠিত কবি গানে খুলনার বটিয়াঘাটা থেকে আসা কৃষ্ণপদ সরকার ও শ্যাম সুন্দর সরকার গান পরিবেশন করেন। গানে গানে যুক্তি ও পাল্টা যুক্তি তর্কের মাধ্যমে দুই কবিয়ালের গাওয়া কবি গান শুনে মুগ্ধ হন উপস্থিত হাজাররো দর্শক শ্রোতা। এ উপলক্ষে কবিগানের আসরকে ঘিরে বসে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা।
 
মাগুরাসহ পার্শ্ববর্তী নড়াইল, ফরিদপুর, ঝিনাইদহ, যশোর, রাজবাড়িসহ বিভিন্ন স্থান থেকে দর্শকরা আসেন এ কবিগান উপভোগ করতে।
 
ইত্তেফাক/জামান