প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৫ম শ্রেণীর ছাত্রী

 

নীলফামারীর ডিমলায় শুক্রবার গভীর রাতে ৫শ শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিলেন ইউএনও। রান্না হয়েছে, সব কাজ সম্পন্ন আসবে শুধু বরযাত্রী এমন সময় বিয়ের বাড়ীতে পুলিশ নিয়ে হাজির হন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার।

 

শুক্রবার রাত ১টার দিকে ঘটনাটি ঘটে খগাখড়িবাড়ী ইউনিয়নের আটঘরিয়া পাড়া গ্রামের ময়দারপাড়ায়। ছাত্রীটি আটঘরিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ও একই এলাকার আইনুল হকের কন্যা।

 

পুলিশ ও ইউএনও-এর উপস্থিতি টের পেয়ে বরযাত্রী আসেনি। ছাত্রীটির পিতা-মাতা স্থানীয় লোকজনের উপস্থিতিতে অঙ্গীকার নামা লিখে দেয় মেয়ের বাল্যবিবাহ দিবে না।

 

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ছাত্রীটির পিতা বাল্যবিবাহ দিবে না মর্মে সকলের উপস্থিতিতে অঙ্গীকার নামা লিখে দেন।

 

তিনি আরো বলেন, ডিমলা উপজেলা বাল্যবিবাহ মুক্ত করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা করবে। এ সময় ডিমলা থানার এসআই মাসুদ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল ইসলামসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআর