বাগমারায় অনিয়মের অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড!

অবশেষে বাগমারা থানার সহকারী সেই উপপরিদর্শক (এএসআই) হারুন অর রশীদকে রাজশাহীর পুলিশ লাইনে ক্লোজড করেছেন জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুইয়া। পুলিশের ওই কর্মকর্তার বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও এলাকার জনগণের সাথে খারাপ আচরণের জন্যই তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
 
হারুন অর রশীদের ক্লোজের বিষয়টি গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্যাক্স যোগে বাগমারা থানার ওসিকে অবহিত করা হয় বলে জানিয়েছেন বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ। তবে কী কারণে তাকে ক্লোজড করা হয়েছে তা তিনি সাংবাদিকদের বলতে রাজি হননি।
 
হারুনের বদলির বিষয়টি এলাকায় জানাজানি হলে অনেক ভুক্তভোগীদের মাঝে স্বস্তি ফিরে আসে। এলাকার একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, হারুন অর রশীদ দোকান থেকে জিনিস কিনে টাকা দেন না। টাকা চাইলে তিনি বিভিন্নভাবে ওই ব্যবসায়ীকে ভয়ভীতি দেখান বলে এলাকার লোকজন জানান।
 
ভবানীগঞ্জ নিউ মার্কেটের একজন কাপড় ব্যবসায়ী জানান, এ এস আই হারুন তার দোকান থেকে এক হাজার দুইশ টাকার কাপড় কিনে টাকা দেননি। দোকানদার টাকা চাইলে তাকে নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় বলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।
 
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ সহকারী উপপরিদর্শক (এ এস আই) হারুন অর রশীদের ক্লোজের বিষয়টি স্বীকার করেছেন। তবে কী কারণ েতাকে ক্লোজড করা হয়েছে সে ব্যাপারে তিনি কিছুই বলতে রাজি হননি।
 
ইত্তেফাক/এএম।