সুনামগঞ্জের ছাতকে ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা উস্তার আলীর ছেলে শহীদুল ইসলাম সরু।
মামলায় আসামি করা হয়েছে নোয়ারাই ইউনিয়নের আছদনগর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে আজিজুর রহমান ও সাদক আলী, মৃত ওয়াজিদ আলীর ছেলে রমজান আলী, মৃত চান্দ আলীর ছেলে সিরাজ আলী, মৃত মন্তাজ আলীর ছেলে এতিম উল্লাহ, বেতুরা গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে খোয়াজ আলী, মৃত মুজেফর আলীর ছেলে মুসলিম আলী, মৃত মাহমদ আলীর ছেলে ইছবর আলী, মির্জাপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে ইলিয়াছ আলী, মৃত রুছমত আলীর ছেলে ছুরত মিয়া, মৃত ইছাক আলীর ছেলে ছুরাব আলী ও মৃত হুশিয়ার আলীর ছেলে ওয়ারিছ আলীকে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আসামীরা সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে সক্রিয়ভাবে সহায়তা করে। হত্যাকাণ্ডসহ এলাকার বহু নিরীহ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, বসতঘরে লুটপাট, গবাদি পশু লুট ও অগ্নিসংযোগ করেছে। যুবতীদের সম্ভ্রমহানি, ধর্ষণ এবং খুন করে লাশ গুম করেছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
শহীদুল ইসলাম সরু ২০১০ সালের ২২ জুলাই সিলেটের ডিআইজি বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। শহীদ হাজী ফুলজান বিবির ছেলে মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি সুনামগঞ্জের আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক একটি মামলা দায়ের করেছেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাড. অরুনাভ দাশ সন্দীপ জানান, বৃহস্পতিবার শহীদুল ইসলাম সরু'র দায়ের করা মামলাটি আদালত গ্রহণ করে পরবর্তী কার্যক্রমের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছেন।
ইত্তেফাক/জামান